ঢাকার পল্লবীতে এক পোশাক শ্রমিককে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার রাত ১০টার দিকে লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান।
নিহত মো. রায়হান (২৬) পেশায় একজন পোশাক শ্রমিক। তবে তার ঠিকানা বা কর্মস্থলের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভি ভিডিওর বরাতে ওসি বলেন, রোববার রাত ১০টার দিকে লালমাটিয়া টেম্পোস্ট্যান্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রায়হান। এ সময় এক যুবক এসে তাকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়।
আহত রায়হানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
ওসি পারভেজ বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে রায়হানকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।