পলিথিনে শুল্ক কমানোর প্রস্তাব!


FE Team | Published: June 09, 2022 20:48:42 | Updated: June 10, 2022 11:48:44


পলিথিনে শুল্ক কমানোর প্রস্তাব!

পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধের কথা সরকার বলে এলেও নতুন অর্থবছরের বাজেটে দেখা গেছে উল্টো চিত্র।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পলিথিনে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। তার এই প্রস্তাবে খুশি হয়েছেন পলিথিন ব্যবসায়ীরা।

সব ধরনের পলিব্যাগ, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) ও মোড়ক সামগ্রীর উপর গত অর্থবছরে যে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল, তা এবার প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বন্ধে বরাবরই বলে আসছেন সরকারের মন্ত্রীরা।

চলতি বছর ধরিত্রী দিবসের অনুষ্ঠানে তথ‌্যমন্ত্রী হাছান মাহমুদ পলিথিন ব্যবহার না করতে সবাইকে উৎসাহিত করেছিলেন।

পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যবহার বাড়াতে গত মার্চে এক অনুষ্ঠানে বলেছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

এদিকে অর্থমন্ত্রী কর কমানোর প্রস্তাব দেওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন মোতালেব প্লাস্টিক শিট অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের মালিক আবু মোতালেব।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর আমাদের উপর ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলো সরকার। তারপর আমরা সবাই মিলে দাবি জানিয়েছিলাম। এবছর আমাদেরকে এ থেকে অব্যাহতি দিয়েছে।

আমরা এবার খুব আশাবাদী, প্লাস্টিকের ব্যবহার তো বাড়ছেই, এটা এখন আরও বাড়বে। শুল্ক থেকে অব্যাহতি দেওয়ায় আমরা প্লাস্টিক শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারব।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন বছরে মাথাপিছু ২১-২৮ কেজি প্লাস্টিক ব্যবহার করা হয়, কয়েক বছর আগে যা ছিল ৬-৭ কেজি।

বর্তমানে ইউরোপে মাথাপিছু ১১০-১২০ কেজি প্লাস্টিক ব্যবহার করা হয়। আমরা ইনশাল্লাহ ওইখানে দ্রুতই পৌঁছে যাব।

মোতালেব বলেন, আগে তাদের মোড়কের কাঁচামাল আমদানি করতে হত, এখন সব দেশেই তৈরি হয়।

এবারের বাজেটে অটোক্লেভ এরেটেড কংক্রিট ব্লকেও উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like