Loading...

পরেরবার বোমা জাহাজেও পড়বে: যুক্তরাজ্যকে রাশিয়া

| Updated: June 25, 2021 21:47:59


পরেরবার বোমা জাহাজেও পড়বে: যুক্তরাজ্যকে রাশিয়া

ক্রিমিয়া উপকূলের কাছে ফের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড করলে পরেরবার বোমা কৃষ্ণসাগরের ব্রিটিশ নৌযান লক্ষ্য করেই ছোড়া হতে পারে বলে হুঁশিয়ার করেছে রাশিয়া।

বৃহস্পতিবার মস্কো যুক্তরাজ্যের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয় বলে বুধবার জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে মস্কো।

রাশিয়ার ভাষ্য, ব্রিটিশ নৌযানটি অনুমতি ছাড়াই তাদের জলসীমায় ঢুকে পড়েছিল।

অন্যদিকে যুক্তরাজ্য এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেইনকেই ক্রিমিয়ার কাছের ওই জলসীমার মালিক বলে বিবেচনা করে আসছে।

রয়াল নেভির ডেস্ট্রয়ার 'এইচএমএস ডিফেন্ডার’ নিয়ে রাশিয়া যে ভাষ্য দিয়েছে, তা সঠিক নয় বলে দাবি যুক্তরাজ্যের।

গুলি-বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি জানিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক আইন মেনে ইউক্রেইনের জলসীমা দিয়ে নির্বিবাদে পথ পার হচ্ছিল মাত্র।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন, “যুদ্ধজাহাজটি রাশিয়ার জলসীমায় ছিল কিংবা সেটিকে হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়েছে এমন কথা সঠিক নয়।”

এর পাল্টায় মস্কোতে ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরাহ ব্রণেটকে তলব করে রাশিয়া কৃষ্ণসাগরে যুক্তরাজ্যের 'বিপজ্জনক কর্মকাণ্ড' নিয়ে সতর্ক করে দিয়েছে।

যুক্তরাজ্য ক্রিমিয়া উপকূলের কাছের ওই ঘটনা নিয়ে 'নির্লজ্জ মিথ্যা' বলছে বলেও অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, "আমরা কাণ্ডজ্ঞান ব্যবহারের অনুরোধ করছি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি জানাচ্ছি। এভাবে কাজ না হলে, আমরা বোমাও মারতে পারি।"

"ভবিষ্যতে বোমা কেবল যাত্রাপথেই নয়, জাহাজেও পড়বে," রুশ এয়ারক্রাফট থেকে ব্রিটিশ ডেস্ট্রয়ারের যাত্রাপথে বোমা ছুড়ে সতর্ক করা হয়েছিল- মস্কোর এ ভাষ্য পুনর্ব্যক্ত করে বলেন এ রুশ মন্ত্রী।

 

Share if you like

Filter By Topic