Loading...
The Financial Express

পরীমনির ‘ঘনিষ্ঠ’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে নেওয়া হল গোয়েন্দা পুলিশ কার্যালয়ে

| Updated: August 07, 2021 12:59:15


পরীমনির ‘ঘনিষ্ঠ’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে নেওয়া হল গোয়েন্দা পুলিশ কার্যালয়ে

চিত্রনায়িকা পরীমনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নির্মাতা চয়নিকা চৌধুরীকে ঢাকার পান্থপথ এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু পরীমনরি সঙ্গে তাকে প্রায়ই দেখা গেছে, সেজন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। তবে এখনও গ্রেপ্তার করা হয়নি।”

শুক্রবার বিকালে সময় টিভির সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ধ্যায় ফিরছিলেন চয়নিকা চৌধুরী। সঙ্গে তার ছেলেও ছিলেন। তখনই গাড়িতে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, চয়নিকা চৌধুরীর গাড়ি ঘিরে রেখেছে পুলিশ। পরে নারী পুলিশের একজন সদস্য গাড়ির সামনে চালকের পাশের আসনে থাকা চয়নিকার পাশে উঠে পড়েন। কিছুক্ষণ পর গাড়িটি চলে যায় ডিবি কার্যালয়ের দিকে।

চয়নিকার স্বামী নির্মাতা অরুণ চৌধুরী বলেন, “টেলিভিশনে ইন্টারভিউ শেষে ও বাসায় ফিরছিল। পথের মধ্যে আটকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ছেলে অনন্য প্রতীকও সঙ্গে ছিল। কোথায় নেওয়া হয়েছে- তা এখনও নিশ্চিত জানি না। ছেলের ফোন নম্বরও বন্ধ পাচ্ছি।”

ডিরেক্টর গিল্ডের সভাপতি, পরিচালক সালাহউদ্দিন লাভলু বলেন, “আমি খবরে দেখলাম, তাকে নেওয়া হয়েছে। কিন্তু কী কারণে নেওয়া হয়েছে সেটা তো এখনও জানা যায়নি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।”

২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকের নির্মাতা হিসেবে যাত্রা শুরুর পর দুই দশকের ক্যারিয়ারে তিনশ’র বেশি টিভি নাটক নির্মাণ করেছেন চয়নিকা।

২০২০ সালে চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে নিজের প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেন চয়নিকা। সেই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনের সখ্যতা তৈরি হয়। পরীমনি তাকে ডাকতেন ‘মম’ বলে।

গত জুন মাসে পরীমনি যখন সংবাদ সম্মেলন করে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করলেন, তখনও এই চিত্রনায়িকার পাশে দেখা গিয়েছিল তাকে।

মাস দুয়েক আগে পরীমনিকে নিয়ে ‘অন্তরালে’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণে হাত দেন চয়নিকা চৌধুরী। অগাস্টের শেষভাবে চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা থাকলেও পরীমনিকে গ্রেপ্তারের পর তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share if you like

Filter By Topic