Loading...

পরীমনির জামিন শুনানি হয়নি, রিমান্ডের আবেদন

| Updated: August 18, 2021 18:01:32


পরীমনি। ফাইল ছবি পরীমনি। ফাইল ছবি

সিআইডি নতুন করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করায় মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানি হয়নি।

বুধবার দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৯ অগাস্ট) রিমান্ড শুনানির দিন রেখেছেন।

ওইদিন নতুন করে জামিন আবেদনও করা হবে বলে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, “রিমান্ড আবেদনের বিষয়টি আমাদের জানা ছিল না। মামলার নিউ কনসিকোয়েন্স হওয়ায় আমরা নতুন করে আপডেট ভার্সনে রিমান্ড বাতিলসহ জামিন চাইব।

“১৬ তারিখের আবেদনটি আমরা উঠিয়ে নিতে চাইলে আদালত তাতে সায় দেন।”

গত সোমবার (১৬ অগাস্ট) পরীমনির আইনজীবী মজিবুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জামিন আবেদন করলে হাকিম রেজাউল করিম চৌধুরী আবেদনটি গ্রহণ করে ১৮ অগাস্ট শুনানির দিন রেখেছিলেন।

বনানী থানার মাদক আইনের এ মামলায় দুই দফা রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

পরীমনির আইনজীবী কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) চেয়ে আবেদন করলে বিচারক বিষয়টি কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে বিবেচনা করার আদেশ দেন।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দিদের রাখার ব্যবস্থা না থাকায় আদালতের আদেশের পর পরীমনিকে সেদিনই কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মহামারীকালের স্বাস্থ্যবিধি অনুযায়ী কাশিমপুর মহিলা কারাগারের রজনীগন্ধা ভবনে পরীমনিকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।

আগামী ১৫ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রেখেছে আদালত।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি ঢাকার চলচ্চিত্রে পরীমনি নামে অভিষিক্ত হন ২০১৫ সালে। সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি।

Share if you like

Filter By Topic