Loading...

পরিকল্পনামন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারী

| Updated: June 01, 2021 21:47:25


পরিকল্পনামন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারী

রাজধানীর রাস্তায় গড়িতে বসা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

রোববার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে এভাবে ফোন হারানোর কথা পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ের মান্নান বলেন, “কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।

 “ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।“

পরিকল্পনামন্ত্রী বলেন, “গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।“

তার সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইকারীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

Share if you like

Filter By Topic