পদ্মা সেতুতে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 25, 2021 17:12:22 | Updated: July 25, 2021 18:29:29


পদ্মা সেতুতে ফেরির ধাক্কা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর পিয়ারে ফেরির ধাক্কার ঘটনা উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। নির্মাণকাজ শুরুর পর থেকে নানা গুজব, অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশবিরোধী এবং উন্নয়নবিরোধী একটি অপশক্তি।

তিন দিন আগে পদ্মা সেতুর একটি পিয়ারে ফেরির ধাক্কা লাগার ঘটনা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফেরির ধাক্কায় পিয়ারের কোনো ক্ষতি না হলেও এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের অংশ- তা খতিয়ে দেখা হচ্ছে। গর্বের এ সেতু নিয়ে আগেও ষড়যন্ত্র হয়েছিল। এখনও যে নেই তা নিশ্চিত করে বলা যাবে না।

গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিয়ারে ধাক্কা দেয়। এতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে যায়।

সেতুমন্ত্রী জানান, আঘাতকারী ফেরির ওজন ছিলে একহাজার ২৮৪ টন, আর পদ্মা সেতুর ডিজাইন অনুযায়ী ৩০ নটিক্যাল মাইল গতিতে ৪ হাজার টন ওজনের নৌযানের ধাক্কা সামলানোর সক্ষমতা রয়েছে প্রতিটি পিয়ারের।

সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায়' ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তবে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

Share if you like