Loading...
The Financial Express

পদ্মা সেতুতে আবার ফেরির ধাক্কা

| Updated: August 31, 2021 19:50:33


ফাইল ছবি ফাইল ছবি

পদ্মা সেতুর পিয়ারে কয়েকবার ধাক্কা দেওয়ার পর এবার একটি ফেরি সেতুর স্প্যানে ধাক্কা দিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে সেতুর নিচ দিয়ে পাটুরিয়া যাওয়ার সময় এই ধাক্কা লাগে বলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান।

তিনি বলেন, “ফেরির ওপরে প্লাস্টিকের একটা স্ট্যান্ড থাকে। সেতুর ২ ও ৩ নম্বর পিয়ারের মাঝখানে ১-বি স্প্যানে ধাক্কা লেগে এটা ভেঙে গেছে। এটা সামান্য ব্যাপার। ফেরিচালকের এটা আগেই খুলে রাখা উচিত ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। ”

সম্প্রতি সেতুর পিয়ারে একাধিকবার ফেরির ধাক্কা লাগলে গত ১৮ অগাস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চাপ বাড়ে। সেই চাপ সামলাতে শিমুলিয়া থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গী পাটুরিয়া যাচ্ছিল বলে জানান বিআইডব্লিউটিসির চেয়ারম্যান।

তিনি বলেন, “ফেরিটি ফাঁকা ছিল। আমরা মাস্টারকে বলেছি, যদি কিছু হয়ে থাকে, আমরা দেখার আগে যেন মেরামত না করে।”

এর আগে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক আহম্মদ আলী ধাক্কা লাগার কথা অস্বীকার করেন।

তিনি  ফেরির মাস্টারের বরাতে বলেন, “সেতুর স্প্যানে ধাক্কা লাগেনি। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় স্ট্যান্ডটা নামিয়ে রাখা হয়। সেতু পার হয়ে আবার তুলে দেওয়া হয়। দূর থেকে দেখে মনে হয়েছে এটা ভেঙে গেছে।”

সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের ধাক্কা লাগার খবর নিশ্চিত হয়েছেন বলে জানান।

তিনি বলেন, “আমরা যতটুকু জেনেছি সেতুর ২ ও ৩ নম্বর পিয়ারের মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লেগেছে। কিন্তু বিআইডব্লিউটিসি স্বীকার করছে না। আমরা ফেরিটি থামাতে বলেছি। পদ্মা সেতুর নিরাপত্তায় থাকা সেনা সদস্যরা ফেরিটির অবস্থা দেখতে রওনা দিয়েছেন। দেখার পর বোঝা যাবে কিছু ভেঙেছে কিনা বা ধাক্কা লেগেছে কিনা।”

Share if you like

Filter By Topic