নেপালের পর্যটন নগরী পোখারা থেকে জমসম বিমানবন্দরে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ছোট যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
রোববার সকালে উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। উদ্ধারকর্মীরা পরে নেপালের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বেসরকারি এয়ারলাইন তারা এয়ারের ওই উড়োজাহাজটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পোখারা ছেড়ে যায় এবং ১৫ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র।
নিখোঁজ হওয়ার সময় টুইন অটার ৯এন-এইটি উড়োজাহাজটিতে তিনজন ক্রু ছাড়াও ৪ ভারতীয়, ২ জার্মান ও ১৩ নেপালি যাত্রী ছিলেন।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়ালের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এএনআই জানায়, ‘‘স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, তারা এয়ারের উড়োজাহাজটি লামছে নদীর মোহনায় বিধ্বস্ত হয়েছে। নেপালের সেনাবাহিনী স্থল ও আকাশপথ দিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে।”
এনডিটিভি জানায়, উড়োজাহাজটির আরোহীদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
