নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক


এফই অনলাইন ডেস্ক | Published: February 09, 2022 10:21:28 | Updated: February 09, 2022 15:25:21


নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

সরকারি স্বাস্থ্য সেবা খাতে আরও তিন হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ পেয়েছেন; যারা ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার স্বাস্থ্য ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের যোগ দিতে বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সঙ্কট নিরসনে সরকার এ বিশেষ বিসিএসের মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে।

লিখিত পরীক্ষা বাদ দিয়ে পিলিমিনারি ও মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিতদ চার হাজার জনকে সহকারী সার্জন হিসেবে নিয়োগে গত বছরের ৯ সেপ্টেম্বর সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এরই ধারাবাহিকতায় এ নিয়োগের আদেশ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গেল বছর ২৯ মার্চ ৪২তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে মোট ৬ হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে ২০২০ সালের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

পরে ২০২১ সালের ২৭ জুলাই করোনাভাইরাস মোকাবেলায় জরুরি প্রয়োজনে আরও দুই হাজার সহকারী সার্জনকে বিশেষ এ বিসিএসের মাধ্যমে নবম গ্রেডে নিয়োগের প্রজ্ঞাপন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

গত ২৬ ফেব্রুয়ারি ওই প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিলেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর সেটাই ছিল প্রথম বিসিএস।

মোট ৩১ হাজার ২৬ জন চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেন ২৭ হাজার ৫৭৩ জন।

Share if you like