নিষেধাজ্ঞার মধ্যেই বাস যাচ্ছে দূরের পথে


FE Team | Published: May 12, 2021 17:20:57


নিষেধাজ্ঞার মধ্যেই বাস যাচ্ছে দূরের পথে

মহামারীর লকডাউনে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঈদের আগে আগে রাস্তায় নেমে পড়েছে বেশ কিছু বাস। খবর টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা গেল শখানেক বাসে যাত্রী তোলা হচ্ছে। ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা থেকেও সকালে বেশ কিছু বাস ছেড়ে গেছে।

সরকার জেলার ভেতরে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিলেও দূরপাল্লার বাস বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু এর মধ্যেও লুকিয়ে টিকিট বিক্রি করে উত্তর কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছেড়ে যাচ্ছে বাস।

চালক ও সহকারীরা বলছেন, ৭২ ঘণ্টার জন্য সরকার দূরপাল্লার বাস চালুর সিদ্ধান্ত দিয়েছে -এমনটা শুনেই তারা গাড়ি নিয়ে নেমেছেন। তবে পুলিশ ও পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

চন্দ্রা এলাকায় মারিয়া পরিবহন নামের একটি বাসের চালক শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রামের রৌমারি যাওয়ার জন্য ৩৫ হাজার টাকায় তার বাস ভাড়া করেছে চন্দ্রা এলাকার একটি বাস কাউন্টার। ওই কাউন্টারের ব্যানারে বাসটি এখন কুড়িগ্রামে যাবে।

শামসুলও দাবি করলেন, সরকার অনুমতি দিয়েছে শুনেই তিনি টাঙ্গাইল থেকে গাড়ি নিয়ে চন্দ্রায় এসেছেন।

বাইপাইল ও চন্দ্রা এলাকা থেকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, কুষ্টিয়া, ঝিনাইদহের পথে বাস ছেড়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বললেন, বাস চলাচলে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।

জেলার ভেতরে বাস চলাচলের সিদ্ধান্ত তো আগেই হয়েছে। তবে দূরপাল্লার বাস বন্ধ। দূরপাল্লার বাস চলাচলে নতুন করে সিদ্ধান্ত হয়নি। সরকারি নিষেধাজ্ঞা ভেঙে দূরপাল্লার বাস চলাচল করলে সেটা দেখার দায়িত্ব তো প্রশাসনের।

চন্দ্রা এলাকায় দেখা গেল, সালনা হাইওয়ে থানার পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। শখানেক বাস রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তুলছে অথবা তোলার অপেক্ষায়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে যাত্রীদের বাসের ছাদে উঠতে নিষেধ করা হচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আলী আহমদ খান দাবি করেন, রাস্তায় যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো দূরপাল্লার নয়।

যেগুলো চলছে এগুলো সবই লোকাল বাস। এগুলো জেলার সীমানা পার করবে না।

বাসগুলো রংপুর, দিনাজপুরের মত দূরের গন্তব্যের যাত্রী তুলছে জানানো হলে তিনি বলেন, ওরা জেলার সীমানায় যাত্রী নামিয়ে দেবে।

তবে বাসের ওই ভিড়ে যে দূরপাল্লার গাড়িও আছে, তা স্বীকার করলেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) মো. মেহেদী হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধিকে তিনি বলেন, মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বেড়ে গেছে।

লোকাল গাড়ির সঙ্গে মাঝেমধ্যে দূরপাল্লার গাড়িও নেমে পড়েছে। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে। এলাকায় আরও যানজট সৃষ্টি হচ্ছে। দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

Share if you like