Loading...

নিবন্ধন করে যারা এসএমএস পাননি, ঢাকায় ব্র্যাকের নয় কেন্দ্রে মিলবে টিকা

| Updated: August 09, 2021 10:42:56


নিবন্ধন করে যারা এসএমএস পাননি, ঢাকায় ব্র্যাকের নয় কেন্দ্রে মিলবে টিকা

সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন করে যারা এখনও এসএমএস পাননি, রাজধানীতে ব্র্যাক পরিচালিত নয়টি কেন্দ্রে গিয়ে তারা কোভিড টিকা নিতে পারবেন ছয় দিন।

শনিবার এ বেসরকারি উন্নয়ন সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ৯টি এবং সারা দেশে ইউনিয়ন পর্যায়ে মোট ৩ হাজার ২১৪টি কেন্দ্রে সরকারের চলমান টিকাদান কাজে সহযোগিতা দিচ্ছে তাদের কর্মীরা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে শনিবার থেকে দেশের ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু করেছে সরকার।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফদের সহায়তায় ঢাকা সিটি করপোরেশন এলাকায় নয়টি টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনার কাজটি করছে ব্র্যাক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কেন্দ্রগুলো থেকে টিকা দেওয়া হবে।

আগামী ১২ আগস্ট পর্যন্ত এই সেবা চলবে। তবে এই সেবা নিতে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সুরক্ষা অ্যাপে নিবন্ধিত মোবাইল নম্বরটি সঙ্গে আনতে হবে।


বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুরক্ষা অ্যাপের মাধ্যমে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু কোভিড-১৯ এর টিকার জন্য এসএমএস পাননি, তারা এই কেন্দ্রগুলোতে টিকা দিতে পারবেন।

ঢাকায় ব্র্যাকের নয়টি কেন্দ্রের প্রতিটিতে দিনে ৩৫০ জনকে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নারী, পঞ্চাশোর্ধ বয়ষ্ক নারী-পুরুষ, এবং শারীরিক/মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এই কেন্দ্রগুলোতে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে এবং টিকা কার্ডে পরবর্তী ডোজ টিকা দেওয়ার তারিখ লিখে দেওয়া হবে।

ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনের অধীনে বাড্ডার নুরের চালা সরকারি স্কুল ও শহীদ তুর্য প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস, ধানমণ্ডি রোড ৮/এ-তে ডিঙ্গি, ধানমন্ডি সার্কুলার রোডের ভুতের গলিতে ধানমণ্ডি কমিউনিটি সেন্টারে অবস্থিত কাউন্সিলর অফিস, হাতিরপুল কাঁচাবাজার কাউন্সিলর অফিস (১৫৮/১, এলিফ্যান্ট রোড), সেগুনবাগিচা মাল্টিপারপাস কমপ্লেক্সে কাউন্সিলর অফিস, নারিন্দায় ফকির চাঁন সরদার কমিউনিটি সেন্টার এবং ডেমরায় এম এ সাত্তার হাই স্কুলে ব্র্যাকের তত্ত্বাবধানে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, “বৈশ্বিক মহামারীর শুরু থেকেই করোনা প্রতিরোধে কাজ করছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় সরকারের নেওয়া টিকাদান কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে কাজ শুরু করেছি আমরা।

”দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্র সুশৃঙ্খলভাবে টিকাদান প্রক্রিয়া পরিচালনাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত চেষ্টাই পারে করোনাকে রুখে দিতে।”

Share if you like

Filter By Topic