Loading...

নিউ মার্কেটে সংঘর্ষের জেরে রাজধানীতে তীব্র যানজট

| Updated: April 20, 2022 10:17:29


নিউ মার্কেটে সংঘর্ষের জেরে রাজধানীতে তীব্র যানজট

ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে টানা সংঘর্ষের জেরে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে, গরমের মধ্যে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন অনেকে।

মঙ্গলবার দুপুরে অ্যালিফেন্ট রোড, বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ানবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, আজিমপুর, মীরপুর রোডসহ আশ-পাশের এলাকায় তীব্র যানজটে থেমে থেমে চলতে দেখা যায় গণপরিবহনগুলোকে।

তীব্র গরমের মধ্যে যানজটে বাসের ভেতরেই দীর্ঘক্ষণ থাকতে হয় দূরের গন্তব্যের যাত্রীদের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এলিফেন্ট রোডের বাটা সিগন্যালের কাছ থেকে সাইয়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সড়কে দুপুর ১১টা থেকে যানজটে আটকা যাত্রীদের অনেকে বাস থেকে নেমে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন।

তাদেরই একজন হাফিজ মিয়া বলেন, “মিনি বাসে উঠেছিলাম। গাড়ি চলে না পরে নেমে হাঁটা ধরেছি।

ঢাকা কলেজের কাছে সংঘর্ষের কারণে নাকি ওইদিন কোনো গাড়ি চলছে না, সেজন্য আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে এই রোজা-রমজানের দিনে।”

সোমবার নিউ মার্কেটে একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বিতণ্ডার জের ধরে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

রাত ১২টা থেকে শুরু করে প্রায় আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া চলে। শেষ পর্যন্ত রাত আড়াইটার দিকে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার মধ্যরাতের ওই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকালে আবারও দুই পক্ষ সংঘাতে জড়ায়, যা বেলা আড়াইটার সময়ও চলছিল। দীর্ঘ সময় চলা সংঘর্ষে পুরো নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুরান ঢাকার সকাল এমনিতেই যানজট নাকাল থাকে। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের কারণে অবস্থা আরও নাজুক।

গণপরিবহন রুট বদলে মীরপুরের দিকে যাচেছ। ফলে নীলক্ষেত, এলিফেন্ট রোডসহ পুরো সড়কে চাপ পড়েছে বলে জানান সিএনজি চালকেরা।

প্রাইভেট কারের চালক ফজলুর রহমান জানান, বাংলা মোটর থেকে শুরু করে ফার্মগেইট পর্যন্ত সড়কে ব্যাপক যানজট তৈরি হয়েছে।

দুপুর দেড়টায় গুলশানে যা্ওয়ার পথে তাকে বাংলা মোটরের কাছে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয় বলে জানান তিনি।

এ প্রাইভেট কার চালক বলেন, “নিউমার্কেট এলাকায় সংঘর্ষের কারণে বিকল্প পথে ওই এলাকার গণপরিবহনের গাড়িগুলো চলছে বলেই কঠিন অবস্থা সৃষ্টি হয়েছে। এই গরমের মধ্যে রাস্তায় বসে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ।”

Share if you like

Filter By Topic