Loading...
The Financial Express

নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান

| Updated: December 08, 2021 17:56:57


নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান

বাংলাদেশের পরের সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার যাচ্ছেন না নিউ জিল্যান্ড সফরে।

ঢাকার একটি হোটেলে সোমবার এক সংবাদ সম্মেলন নাজমুল হাসান জানান, আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার পর সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“যার বিশ্রাম প্রয়োজন, তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর না হোক। তবে সাকিবের ব‍্যাপারটা ভিন্ন। ও তো চোট পায়নি বা বিশ্রামও চায়নি। পারিবারিক কারণে বিরতি চেয়েছে। কাজেই বিষয়টা এক না। এটা চোটও না, বিশ্রামও না।”

কোনো সিরিজে কোনো খেলোয়াড় খেলতে না চাইলে আপত্তি নেই বিসিবির। যে কোনো কারণে একজন খেলোয়াড় বিরতি চাইতেই পারেন। তবে এসব ক্ষেত্রে আগামী বছর থেকে আগেভাগে জানানোর শর্ত দেওয়ার কথা বললেন নাজমুল হাসান।

“এটা আপনাদের আগেও বলে আসছি, যে কেউ যদি ছুটি চায়, বিরতি চায়, বিশ্রাম চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা বোধ হয়, আপনারা অনেক দিন ধরেই দেখছেন। কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে।”

“যে জিনিসটার উপর আমরা জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে, আমাদের জন্য সমস‍্যা। কাজেই আগামী জানুয়ারি থেকে আমরা যে নিয়ম করছি, কারো যদি কোনো বিশ্রাম লাগে, বিরতি লাগে, তাহলে যেন আমাদের আগে জানানো হয়। তাহলে আমরা অন্য খেলোয়াড়গুলোকে তৈরি করতে পারি।”

নিউ জিল্যান্ড সফর থেকে সাকিব ছুটি চেয়েছেন বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মধ্যেই গত শনিবার সন্ধ‍্যায় বাঁহাতি এই অলরাউন্ডারকে নিয়ে দুই টেস্ট ম্যাচের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

তবে দল ঘোষণার আগেই নিশ্চিত হয়ে যায়, সাকিবকে নিয়ে অনিশ্চয়তা কিছুটা হলেও আছে। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আরও অনেক কিছু নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। সেখানেই তিনি বলেন, সাকিব আনুষ্ঠানিকভাবে ছুটি চাওয়ার পর দেখা যাবে।

বিসিবি প্রধানের ওই বক্ত‍ব‍্যের পর দ্রুতই অফিসিয়ালি চিঠি দেন সাকিব। ছুটি দিয়ে সেটা নিষ্পত্তি করল বিসিবি।  গোটা ব‍্যাপারটা যেভাবে শেষ হয়েছে তাতে কি বিব‍্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা?

“না না বিব্রত। আনঅফিসিয়ালি আমরা জানতাম। ব্যাপারটা হচ্ছে, এতদিন ধরে সবকিছু আনঅফিসিয়ালিই হয়ে আসছে। যার কারণে অনেক কনফিউশনের সৃষ্টি হয়। এই কনফিউশন যাতে না হয়, যাতে এটা স্বচ্ছ হয়, এই জন‍্য জোর দিয়ে বলা হচ্ছে, তাদের অফিসিয়ালি জানাতে হবে।”

দুটি টেস্ট খেলতে আগামী বৃহস্পতিবার নিউ জিল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। ৭ দিনের কোয়ারেন্টিন, দুটি প্রস্তুতি ম্যাচসহ সফরের দৈর্ঘ্য পাঁচ সপ্তাহের বেশি।

ছুটি চাওয়ার ঘটনা সাকিবের এবারই প্রথম নয়। গত মার্চে নিউ জিল্যান্ড সফর থেকেও তিনি ছুটি নেন পারিবারিক কারণে। পরে এপ্রিলে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজেও যাননি। আইপিএলে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার জন্য তখন তিনি ছিলেন ভারতে। এর আগে ২০১৮ সালে তিনি ৬ মাসের বিরতি চেয়েছিলেন ক্রিকেট থেকে। তখন বিসিবি তাকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি দিয়েছিল।

এবার নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ চোটের কারণে পাচ্ছে না আরেক অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালকে।

Share if you like

Filter By Topic