নারী শিক্ষায় বাংলাদেশ অনন্য: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম | Published: November 19, 2021 16:13:48 | Updated: November 19, 2021 16:31:34


স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ও পরিচালনা পরিষদের সভাপতি জনাব আবু আহমেদ এর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করছেন

নারী শিক্ষা তথা নারীর উন্নয়নে বাংলাদেশ এখন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নত দেশে উত্তরণের পথে।

স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী শিক্ষায় একটি রোল মডেল। আগে যেখানে সীমিতসংখ্যক নারীর শেখার সুযোগ ছিল তা এখন অনেক অবারিত, এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন নারীরা এগিয়ে যাচ্ছে, উচ্চশিক্ষা লাভ করছে তথা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, তেজগাঁও মহিলা কলেজ ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় অধ্যক্ষ সাইদুর রহমান ও অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তির সহযোগিতায় তেজগাঁও অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠা করেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জহিরুল হক জিল্লুর, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ, সভাপতি, তেজগাঁও থানা আওয়ামী লীগ, শামীম হাসান, সাধারণ সম্পাদক তেজগাঁও থানা আওয়ামী লীগ।

প্রধান আলোচক হিসেবে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষার্থীদের দিকনির্দেশনা এবং বিভিন্ন সফলতার গল্প তুলে ধরেন । তিনি কলেজটি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতা ও আন্তরিকতা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি জানান, বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) এবং বিবিএ প্রফেশনাল কোর্সসহ ১২ টি বিষয়ে অনার্স ও দুইটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও মহিলা কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জনাব আবু আহমেদ। তিনি মন্ত্রী মহোদয়কে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

কলেজের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

Share if you like