নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে: সিপিডি’র বরিশাল সংলাপে বক্তারা


এফই অনলাইন ডেস্ক | Published: March 25, 2022 18:12:53 | Updated: March 26, 2022 14:39:33


নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে: সিপিডি’র বরিশাল সংলাপে বক্তারা

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর পক্ষ থেকে বরিশালে আয়োজিত জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক আঞ্চলিক সংলাপে নদী ভাঙন রোধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল অঞ্চলের মানুষ।

জাতিসংঘ ডেমোক্রেসি ফাণ্ড (ইউএনডিইএফ) এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক, খুলনা-এর সহযোগিতায় সিপিডি সংলাপটি বৃহস্পতিবার বরিশালে অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ কর্তৃক প্রকাশিত সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকার কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে এ সংলাপে আলোচনা হয়।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, করোনাভাইরাসের মহামারীর আঘাতে এই সরকার অনেকদিন কাজ করতে পারেনি। তাই অনেক অঙ্গীকার বাস্তবায়ন করা যায়নি।

নদী ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বর্ষার সময় আশেপাশের দেশ থেকে প্রায় ১.২ বিলিয়ন মেট্রিকটন পলি নেমে আসে যা একটি বিশাল সমস্যা। জনসংখ্যার চাপে আমাদের কৃষিজমি কমে যাচ্ছে।

বরিশাল অঞ্চলের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী সংলাপে উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং সমস্যা সমাধানে তার প্রচেষ্টা ব্যক্ত করেন।

সংলাপে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির নেতা টিপু সুলতান জানান বরিশাল নদী ভাঙন এলাকা হলেও এখানে তেমন কোন পরিকল্পনা দেখা যাচ্ছে না।

সংলাপে সভাপতির বক্তব্যে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া সুনির্দিষ্ট লক্ষ্যগুলো বাস্তবায়নের ওপর জোর দেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক এবং হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার সংলাপে সূচনা বক্তব্য প্রদান করেন।

সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক জনাব অভ্র ভট্টাচার্য সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি বিভিন্ন সুচকে বরিশাল অঞ্চলের অবস্থা তুলে ধরেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে আরো অংশ নেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল শাখার সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা রায়, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত, নারী উদ্যোক্তা হাছিনা বেগম, আইনজীবী মোস্তফা কাদের ও ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নীলু।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, উদ্যোক্তা, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীসহ নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

Share if you like