Loading...

নতুন নেতৃত্ব পেল সিপিবি ও বাসদ

সিপিবির নেতৃত্বে শাহ আলম ও রুহিন হোসেন প্রিন্স; বাসদের নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ


| Updated: March 05, 2022 18:04:18


সিপিবির নতুন সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সিপিবির নতুন সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

নতুন নেতৃত্ব বেছে নিল বাংলাদেশের দুইটি রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সিপিবির চারদিন ব্যাপী দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ কংগ্রেসে নির্বাচিত সদস্যেরা শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বৈঠক করে নতুন নেতৃত্ব চূড়ান্ত করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ বৈঠকের পর সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার বছরের জন্য সিপিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহ আলম, যিনি আগের কমিটিতে ছিলেন সাধারণ সম্পাদক। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, যিনি এতদিন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

সেখানে বলা হয়, নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ । এছাড়া ৬ সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়েছে।

সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ছাড়া প্রেসিডিয়ামে এসেছেন শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, "কংগ্রেসে নির্বাচিত ৪৩ জনের মধ্যে আজকের বৈঠকে ৪১ জন উপস্থিত সদস্য সর্ব সম্মতিক্রমে  সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করেছে।

গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সিপিবির চারদিন ব্যাপী কংগ্রেস বসে। সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি গত দশ বছর ধরে সিপিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

গঠনতন্ত্র সংশোধন করে তৃতীয়বার সেলিমকে সভাপতি রাখার একটি প্রস্তাব কংগ্রেসে রাখা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

বাসদের নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে বাসদের প্রথম কংগ্রেসে বজলুর রশীদ ফিরোজকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

২০০৯ সাল থেকে সাধারণ সম্পাদক এবং ১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠার পর থেকে দলটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন খালেকুজ্জামান।

বাসদের নতুন নেতৃত্ব আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির নব নির্বাচিত সহকারী সম্পাদক রাজেকুজ্জামান রতন।

বাসদের নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন রাজেকুজ্জামান রতন। আর সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছেন নিখিল দাস, কমরেড আব্দুল কুদ্দুস ও জনার্দন দত্ত নান্টু।

Share if you like

Filter By Topic