Loading...

ধান গবেষণার তিন বিজ্ঞানীসহ ২৪ জন পাচ্ছেন একুশে পদক

| Updated: February 04, 2022 10:44:13


ধান গবেষণার তিন বিজ্ঞানীসহ ২৪ জন পাচ্ছেন একুশে পদক

উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবনের স্বীকৃতিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তিন গবেষকসহ ২৪ জন পাচ্ছেন এবারের একুশে পদক।

বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২০ সালের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। এই ২৪ জনের মধ্যে পাঁচজনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।

এ বছর গবেষণায় একুশে পদক পাচ্ছেন চারজন। তারা হলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আবদুস সাত্তার মণ্ডল এবং দলগতভাগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তিন গবেষক ড. মো. এনামুল হক (দলনেতা), ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস।

‘ভাষা আন্দোলনে ভূমিকার জন্য মোস্তফা এম এ মতিন এবং মির্জা তোফাজ্জল হোসেন মুকুলকে মরণোত্তর একুশে পদক দিচ্ছে সরকার।

শিল্পকলায় অবদানের জন্য মরণোত্তর এ পদক পাচ্ছেন নজরুল ইসলাম বাবু (সংগীত) এবং খালেদ খান (অভিনয়)।


এছাড়া জিনাত বরকতউল্লাহ (নৃত্য), ইকবাল আহমেদ (সংগীত), মাহমুদুর রহমান বেণু (সংগীত), আফজাল হোসেন (অভিনয়) ও মাসুম আজিজ (অভিনয়) এবার শিল্পকলায় একুশে পদক পাচ্ছেন।

মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য সাবেক কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী মরণোত্তর একুশে পদক পাচ্ছেন। এছাড়া অধ্যক্ষ মো. মতিউর রহমান, কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার একুশে পদক পাচ্ছেন এ ক্যাটাগরিতে।

সাংবাদিকতায় এম এ মালেক; বিজ্ঞান ও প্রযুক্তিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং শিক্ষায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাশ একুশে পদক পাচ্ছেন।

সমাজসেবায় আইনজীবী এস এম আব্রাহাম লিংকন এবং বৌদ্ধ ধর্মগুরু সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের; ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থর নাম ঘোষণা করা হয়েছে এ পদকের জন্য।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের একুশে পদক দেবেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

Share if you like

Filter By Topic