দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা তিন হাজারের নিচে, শনাক্তের হার ৯.৩১ শতাংশ


FE Team | Published: February 18, 2022 17:08:03 | Updated: February 18, 2022 19:33:16


দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা তিন হাজারের নিচে, শনাক্তের হার ৯.৩১ শতাংশ

ওমিক্রনের দাপট পেরিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও একটু কমে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজারের নিচে নেমে এসেছে। পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমেছে ১০ শতাংশের নিচে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৮৪ জন জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ২৪ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ১১ জানুয়ারি, সেদিন ২ হাজার ৪৫৮ জনের সংক্রমণ ধরা পড়েছিল। এরপর ১৩ জানুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায়।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৯ দশমিক ৩১ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ১০ দশমিক ২৪ শতাংশ ছিল। সর্বশেষ এই হার ১০ শতাংশের নিচে ছিল ১২ জানুয়ারি।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত। গত ১২ জানুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৩১ জনের প্রাণ গেছে এ মহামারীতে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৯ হাজার ৯৮৮ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।

Share if you like