দেড় বছরের সর্বনিম্ন করোনা শনাক্ত


এফই অনলাইন ডেস্ক | Published: October 21, 2021 17:32:14 | Updated: October 21, 2021 20:00:22


দেড় বছরের সর্বনিম্ন করোনা শনাক্ত

দেশে গত এক দিনে ২৪৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে সর্বশেষ গতবছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনের মধ্যে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মহামাররি শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৫৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন সুস্থ হয়ে উঠলেন।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৬৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। যে দশজন মারা গেছেন, তাদের সাতজনই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

বুধবার সারাদেশে ৬ জনের মৃত্যু হয়েছিল, আর ৩৬৮ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু সামান্য বেড়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৯ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৯ লাখের বেশি রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ যা, আগের দিন ১ দশমিক ৮০ শতাংশ ছিল।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪০ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।

তাদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী। ৮ জন সরকারি হাসপাতালে এবং ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Share if you like