দেশের ২৫ শতাংশ মানুষ কোভিড টিকার অন্তত এক ডোজ পেয়েছে


এফই অনলাইন ডেস্ক | Published: October 25, 2021 11:20:36 | Updated: October 26, 2021 13:42:57


ফোকাস বাংলা ফাইল ছবি

দেশে চার কোটির বেশি মানুষ করোনাভাইরাসের টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন, যা দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। আর টিকার দুই ডোজ পাওয়া নাগরিকের সংখ্যা দুই কোটির বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার বিকাল পর্যন্ত সব মিলিয়ে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখের বেশি। সে হিসাবে দেশের মোট জনসংখ্যার ২৪ শতাংশের বেশি মানুষ টিকা পেয়েছে।

টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। সব মিলিয়ে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে বাংলাদেশে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছিল সে সময়। তবে এখন ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, টিকাগ্রহীতাদের সবচেয়ে বেশি দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। চীনের তৈরি এই টিকার প্রথম ডোজ পেয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন।

এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৮২ লাখ ২১ হাজার ৩১৯ ডোজ, মডার্নার ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ ডোজ এবং ফাইজার-বায়োএনটেকের ৪ লাখ ৮১ হাজার ১৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকার একটি বড় অংশ বাংলাদেশ কিনেছে, বাকিটা এসেছে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে। মডার্না আর ফাইজারের টিকার পুরোটাই কোভ্যাক্স থেকে পাওয়া গেছে।

দেখা গেছে, নারীদের চেয়ে পুরুষের টিকা গ্রহণের হার বেশি। এ পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজারের বেশি পুরুষ প্রথম ডোজ নিয়েছেন। নারীদের মধ্যে এই সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৩৫ হাজারের বেশি।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মানুষ টিকা পেয়েছে। এ বিভাগের ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২১৭ জন কোভিড টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। চট্টগ্রাম বিভাগে অন্তত এক ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ৭০ লাখ ৩৩ হাজার ৪১৬ জন।

এছাড়া ময়মনসিংহ বিভাগে ২৬ লাখ ৫৩৮ জন, রাজশাহী বিভাগে ৪৭ লাখ ৬৩ হাজার ৩০ জন, রংপুর বিভাগে ৪৬ লাখ ১৮ হাজার ৩২১ জন, খুলনা বিভাগে ৫২ লাখ ৪৯ হাজার ৬৯৯ জন, বরিশাল বিভাগে ২৩ লাখ ৯২ হাজার ৯৩ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৪০ হাজার ১৩৫ জন করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ পেয়েছেন।

ঢাকা মহানগরে সবচেয়ে বেশি ৩৭ লাখ ১৪ হাজার ২৬৬ জন টিকা পেয়েছেন। সবচেয়ে কম পেয়েছেন বান্দরবান জেলায়, ১ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন।

Share if you like