ঈদের ছুটি পেরিয়ে এসে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যাও বাড়ছে; তিন দিন পর আবার ত্রিশ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা।
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে; সংক্রমণ ধরা পড়েছে আরও ৬৯৮ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন হয়েছে। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১৮১ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও এক হাজার ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৬ কোটি ৩০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের।