মার্কিন সেনাবাহিনীর মাধ্যমে আফগানিস্তান থেকে উদ্ধারের পর স্পেনে আশ্রয় পাওয়া ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদেরকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার এই ছয়জনকে স্পেনের মালাগা বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
আফগানিস্তান থেকে উদ্ধারের পর প্রথমে ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে পৌঁছান তারা। দুদিন পর মার্কিন সামরিক বিমানে চড়ে যান স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে।
মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ওই সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন এই বাংলাদেশিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ব্যবস্থাপনায় তাদেরকে ফেরানোর কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠাতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মার্কিন দূতাবাস ও মার্কিন সামরিক কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ করতে হয়।