দেশে কোভিডে মৃত্যু ছাড়াল ২৮ হাজার


এফই অনলাইন ডেস্ক | Published: December 05, 2021 17:40:57 | Updated: December 06, 2021 09:52:26


দেশে কোভিডে মৃত্যু ছাড়াল ২৮ হাজার

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ২১ মাসের মাথায় কোভিডে মৃত্যুর মোট সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেল।

গত ১৪ সেপ্টেম্বর দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৭ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। ৮২ দিনে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক হাজার নাম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ার গতিও অনেক কমে এসেছে। মৃতের মোট সংখ্যা ২৬ হাজার থেকে ২৫ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল ১৬ দিন। তার আগে ২৫ হাজার থেকে ২৬ হাজারে পৌঁছেছিল নয় দিনে। তার আগে ২৪ হাজার থেকে মাত্র পাঁচ দিনে মোট মৃত্যু ২৫ হাজারে পৌঁছেছিল।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসা শনাক্ত হয়। এর ১০দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে প্রথম মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন। তাদের মধ্যে ২৮ হাজার ১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

Share if you like