দেশে করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩,৩৫৯


এফই অনলাইন ডেস্ক | Published: January 13, 2022 17:41:10 | Updated: January 14, 2022 10:09:04


দেশে করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩,৩৫৯

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে চার মাস পর আবার তিন হাজারের ঘর পেরিয়ে গেছে, তিন মাস পর মৃত্যু বেড়ে পৌঁছেছে দুই অংকের ঘরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৩৫৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১২ জনের।

একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২ সেপ্টেম্বর, সেদিন ৩ হাজার ৪৩৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আর এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ১৬ অক্টোবর, সেদিন মারা গিয়েছিলেন ১৬ জন। সবশেষ ২১ অক্টোবর ১০ জনের মৃত্যুর খবর এসেছিল, এরপর দৈনিক মৃত্যুর সংখ্যা দশের নিচেই ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

২১ সপ্তাহ পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১২ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক দিনে দেশে মোট ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ। বুধবার এই হার ১১ দশমিক ৬৮ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এ বছর ১২ জানুয়ারি তা ১৫ লাখ পেরিয়ে যায়। তার আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গতবছর ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Share if you like