অর্থনৈতিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সঙ্কট থেকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবি করে দেশবাসীবে বিক্ষোভ থামানোর আহ্বান জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
দেশে অস্থিরতার মধ্যে সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান বলে শ্রীলঙ্কার সংবাদপত্র টাইমস জানিয়েছে।
টেলিভিশনে প্রচারিত এই ভাষণে মাহিন্দা বলেন, আপনারা রাস্তায় যত বিক্ষোভ করবেন, ডলার সংস্থানের ক্ষেত্রে আমাদের তত ক্ষতি হবে।
যে দেশের মানুষের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের বেশি, যে দেশের জিডিপি প্রবৃদ্ধি টানা কয়েক বছর ৬ শতাংশে ছিল, সেই শ্রীলঙ্কা এখন চুপসে গেছে।
দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস পর্যটন ও রেমিটেন্সে কোভিড মহামারীর কারণে ধস নামার পর ইউক্রেইন যুদ্ধে শুরু হলে বিদেশি মুদ্রার তীব্র সঙ্কটে পড়ে দেশটি।
আমদনি ব্যয় মেটানোর ডলার না থাকার দেশটি পড়ে জ্বালানি সঙ্কটে, তাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কাগজের অভাবে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া।
দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে দেশটিতে।
গণঅসন্তোষের মধ্যে শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে, আর তাতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।