দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট এ বছরেই: পলক


FE Team | Published: May 02, 2021 20:47:33 | Updated: May 03, 2021 15:19:53


দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট এ বছরেই: পলক

চলতি বছরের মধ্যে দেশের টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত দুর্গম এলাকাগুলো উচ্চগতির ইন্টারনেটের আওতায় আসছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

রোববার ভার্চুয়াল মাধ্যমে কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

পলক বলেন, বর্তমানে দেশের প্রায় ৩ হাজার ৮০০ ইউনিয়নে ইতিমধ্যে হাইস্পিড ফাইবার অপটিক ক্যাবল সংযোগ পৌঁছে গেছে। কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭টি ইউনিয়নে হাইস্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেওয়া হবে এবং চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ শেষ হবে।

২০২১ সালের মধ্যে দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা হবে উল্লেখ করে তিনি জানান, বিটিসিএলের মাধ্যমে ১ হাজার ২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ২ হাজার ৬০০ ইউনিয়নে ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুযায়ী, যে সকল ইউনিয়ন বাকি থাকবে সেখানে, পাহাড় ও দ্বীপ, যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেওয়া যাচ্ছে না সেগুলোতে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে। এর মাধ্যমে গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করা যাবে এবং দুর্গম এলাকার তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।

বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিল (স্যোসাল অবলিগেশন ফান্ড-এসওএফ) থেকে কানেক্টেড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রত্যেকটি সংসদীয় আসনে একটি করে স্কুল অব ফিউচার মডেল স্কুল হবে জানিয়ে পলক বলেন, শিক্ষার্থীরা এই স্কুলের ল্যাবে ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে কলমে শিখতে পারবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো: মোতাহার হোসেন ও কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক বক্তব্য দেন।

আরো বক্তব্য দেন বরিশাল-৪ আসনের পংকজ নাথ, চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ।

Share if you like