দুই ডোজ টিকা পাওয়া বড়রা ক্লাসে ফিরছে ২২ ফেব্রুয়ারি, ছোটদের আরও অপেক্ষা


এফই অনলাইন ডেস্ক | Published: February 17, 2022 12:24:15 | Updated: February 17, 2022 18:06:28


FE Photo/Files

করোনাভাইরাস সংক্রমণ কমতে থাকায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে যে শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত কেবল তারাই ক্লাসে যাবে। যারা দুই ডোজ টিকা নেয়নি, আপাতত তারা বাসায় থেকে অনলাইনে বা টেলিভিশন দেখে ক্লাস করবে।

আর প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আরও অপেক্ষায় থাকতে হবে। যেহেতু ১২ বছরের কম বয়সীরা টিকা পায়নি, সেহেতু ২২ ফেব্রুয়ারি প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানো হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের হার ইতোমধ্যে ১২ শতাংশের ঘরে নেমে এসেছে। ১০ থেকে ১৪ দিনের মধ্যে হয়ত তা আরও কমে সেই কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসবে, যাতে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া যায়।

১২ বছরের কম বয়সীদের কীভাবে টিকার আওতায় আনা যায়, সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন দীপু মনি।

Share if you like