Loading...

দিনাজপুরে ‘গাড়ির ধাক্কায়’ ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত

| Updated: March 31, 2022 17:06:51


দিনাজপুরে ‘গাড়ির ধাক্কায়’ ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ইউনিয়ন ছাত্রলীগের নেতাসহ তিনজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার মধ্যরাতে নবাবগঞ্জের আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার পরিদর্শক মো. তাওহিদ জানান।

নিহতরা হলেন- নবাবগঞ্জের নারায়নপুর গ্রামের রইয়াসিন আলীর ছেলে বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কিবরিয়া ইসলাম (৩০), একই উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২) এবং কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক তাওহিদ বলেন, “ওই তিন যুবক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কোনো একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় পুলিশের পক্ষে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহত সাব্বিরের ভাই বুলবুল জানান, কাঁচদহ এলাকায় একটি বালু মহাল ইজারা নিয়েছেন তারা। সাব্বির সেথানে প্রতিদিন টাকা আনতে যেতেন।

“বুধবারও টাকা কালেকশন করে ফিরছিল ওরা। গাড়ি চাপা দেওয়ার সময় কেউ দেখেনি যে কী গাড়ি সেটা।”

Share if you like

Filter By Topic