দাম কমে জানুয়ারিতে ১২ কেজি এলপিজির সিলিন্ডার ১১৭৮ টাকা


এফই অনলাইন ডেস্ক | Published: January 03, 2022 14:32:36 | Updated: January 03, 2022 18:59:46


দাম কমে জানুয়ারিতে ১২ কেজি এলপিজির সিলিন্ডার ১১৭৮ টাকা

রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম নতুন বছরের প্রথম মাসে ৪ শতাংশ কমিয়ে আনল বাংলাদেশের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার বিইআরসির মাসিক মূল্য নির্ধারণের ঘোষণায় বলা হয়েছে, জানুয়ারি মাসে প্রতিকেজি এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৯৮ টাকা ১৭ পয়সা, যা ডিসেম্বরে ১০২ টাকা ৩২ পয়সা ছিল। এই হিসাবে প্রতি কেজিতে এলপিজির দাম কমছে ৪ টাকা ১৫ পয়সা বা ৪ শতাংশ।

সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নতুন হারে দাঁড়াচ্ছে ১১৭৮ টাকা, যা ডিসেম্বরে ১২২৮ টাকা ছিল। অর্থাৎ, ১২ কেজির সিলিন্ডারে একজন ভোক্তার সাশ্রয় হবে ৫০ টাকা।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।

টানা পাঁচ মাস মূল্যবৃদ্ধির পর গত ডিসেম্বরে এলপিজির দাম কমা শুরু করে। জানুয়ারিতে দ্বিতীয় মাসের মত দাম কমল, যার মূল কারণ সৌদি সিপি অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মূল্য কমে আসা।

নতুন মাসে এলপিজির মূল উপাদন প্রোপেন প্রতি টন ৭৪০ ডলার, বিউটেন প্রতি টন ২১০ ডলার এবং এই দুইয়ের মিশ্রনের দাম প্রতি টন ৭২০ দশমিক ৫০ হিসাব করা হয়েছে। গত মাসের মতই ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ৮৫ টাকা ৮৫ পয়সা।

প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ৯৮ টাকা ১৭ পয়সা ধরে জানুয়ারিতে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৫৪০ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১২২৭ টাকা, ১৫ কেজির দাম ১৪৭৩ টাকা, ১৬ কেজির দাম ১৫৭১ টাকা, ১৮ কেজির দাম ১৭৬৭ টাকা, ২০ কেজির দাম ১৯৬৩ টাকা, ২২ কেজির দাম ২১৬০ টাকা, ২৫ কেজির দাম ২৪৫৪ টাকা, ৩০ কেজির দাম ২৯৪৫ টাকা, ৩৩ কেজির দাম ৩২৪০ টাকা, ৩৫ কেজির দাম ৩৪৩৬ টাকা এবং ৪৫ কেজির দাম ৪৪১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারি মাসে রেটিকুলেটেড এলপিজির দাম দাঁড়াচ্ছে প্রতিকেজি ৯৪ টাকা ৯৪ পয়সা। আর যানবাহনের ব্যবহৃত অটোগ্যাসের দাম ধরা হয়েছে প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সা।

বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, প্রতি মাসে সৌদি সিপি, মূসক ও ডলারের বিনিময় মূল্য এই তিনটি সূচকের ওঠানামার ওপর ভিত্তি করে এলপিজির দাম ঠিক করা হচ্ছে। সরকারি এলপিজির ক্ষেত্রে এসব বিষয় না থাকায় তা আপাতত দাম অপরিবর্তিত থাকছে।

Share if you like