Loading...

দরিদ্র কৃষ্ণাঙ্গ মহিলাদের জন্য গ্রামীণ আমেরিকার ১.৩ বিলিয়ন ঋণ ঘোষণা


দরিদ্র কৃষ্ণাঙ্গ মহিলাদের জন্য গ্রামীণ আমেরিকার ১.৩ বিলিয়ন ঋণ ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা গ্রামীণ আমেরিকা, যা দেশটির সংখ্যালঘু দরিদ্র মহিলাদেরকে ব্যবসায় পুঁজি সরবরাহ করে থাকে, সংস্থাটির জাতিগত সমতা অর্জনের প্রতিশ্রুতি ত্বরান্বিত করতে Òএলিভেটিং ব্ল্যাক উইমেন এনট্রাপ্রিনির্য়াস” (Elevating Black Women Entrepreneurs) নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অধীনে সংস্থাটি ২০৩০ সালের মধ্যে আশি হাজার দরিদ্র কৃষ্ণাঙ্গ মহিলাদের মধ্যে একশ ত্রিশ কোটি মার্কিন ডলার ঋণ প্রদান করবে। এঋণ হবে জামানতবিহীন। এর সঙ্গে দেবে আর্থিক বিষয়ক প্রশিক্ষণ, ঋণ পাবার যোগ্যতা বৃদ্ধির প্রশিক্ষণ। গত ১৩ মে ২০২১ তারিখে গ্রামীণ আমেরিকা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

দরিদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তাদেরকে সরাসরি ঋণ প্রদানের সংস্থাটির যে কর্মপদ্ধতি তা এরই মধ্যে সফল ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ২০০৮ সালের জানুয়ারীতে গ্রামীণ আমেরিকা তার কার্যক্রম শুরুর পর সংস্থাটি এরই মধ্যে ১ লক্ষ ৩৬ হাজারের বেশী দরিদ্র নারী উদ্যোক্তাকে ১৯০ কোটি মার্কিন ডলারের বেশী ঋণ প্রদান করেছে এবং ২০৩০ সালের মধ্যে ৫ লক্ষের বেশী নারী উদ্যোক্তার কাছে তার ঋণ সুবিধা পৌঁছানোর পরিকল্পনা করেছে। যুক্তরাষ্ট্রের ১৭টি নগরীতে অবস্থিত ২৪টি শাখার মাধ্যমে পরিচালিত গ্রামীণ আমেরিকার সামাজিক পুঁজি মডেল এরই মধ্যে সংস্থাটির কার্যক্রমের পরিধি, আর্থিক স্বয়ংসম্পূর্ণতা ও সেবাগ্রহীতা সদস্যদের সাথে প্রত্যক্ষ সম্পর্কের কারণে প্রতিষ্ঠানটিকে একটি অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। গ্রামীণ আমেরিকার হিসাব মতে, যুক্তরাষ্ট্রে ঋণ সুবিধা ও পুঁজির স্বল্পতায় ভুগছেন এমন কমপক্ষে ১৪ লক্ষ স্বনিয়োজিত দরিদ্র কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তা রয়েছেন যাঁরা গ্রামীণ আমেরিকা থেকে বিনা জামানতে পুঁজি ও অন্যান্য সহযোগিতা নিয়ে তাঁদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করতে পারবেন। গবেষণায় দেখা গেছে যে, কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তারা পদ্ধতিগত কারণে বহুকাল ধরে ঋণ ও পুঁজি সুবিধা থেকে বঞ্চিত এবং গ্রামীণ আমেরিকা তার এই নতুন কর্মসূচির মাধ্যমে এই সমস্যাটির সমাধানে কাজ করবে, খবর প্রেস রিলিজ

এই লক্ষ্যে দ্য স্টুডিও@ব্লু মেরিডিয়ান প্রদত্ত একটি সহায়তা তহবিলের মাধ্যমে গ্রামীণ আমেরিকা আগামী তিন বছরে নতুন শাখাসমূহের একটি উদ্ভাবনশীল নেটওয়ার্ক চালু করবে যা কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তাদের ঋণ পুঁজি ও আর্থিক প্রশিক্ষণ প্রদানের মধ্যেমে তাঁদের ব্যবসায়িক আয়, ক্রেডিট স্কোর, ব্যক্তিগত সঞ্চয় ও জীবনমান বৃদ্ধিতে অবদান রাখবে। নতুন নেটওয়ার্কটি ২০২১ সালে মেমফিস, টেনেসি থেকে তার যাত্রা শুরু করবে এবং ক্রমান্বয়ে নেটওয়ার্কটিকে সুবিধাবঞ্চিত সংখ্যালঘু নারী উদ্যোক্তাদের এলাকাগুলোতে সম্প্রসারিত করা হবে। এছাড়াও নিউ ইয়র্কের হারলেম ও নিউ জার্সির নিউয়ার্কের বর্তমান কর্মএলাকায় কর্মসূচিটি চালু করা হবে, এরপর বৃহত্তর নিউ ইয়র্ক নগরী ও বৃহত্তর নিউয়ার্ক এলাকায় তা সম্প্রসারিত করা হবে, এবং সারা দেশে কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তাদেরকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসতে বিভিন্ন কর্মসূচিগত সমাধান তৈরী ও সেগুলি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির সম্প্রসারণের সাথে সাথে গ্রামীণ আমেরিকার লক্ষ্য হবে পুনর্বিনিয়োগ ও ঋণ পুনঃপ্রদানের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৮০,০০০ কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তাদের সরাসরি ১৩০ কোটি ডলার ঋণ প্রদান করা।

এ বিষয়ে গ্রামীণ আমেরিকার প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট মিস অ্যান্ড্রিয়া জাং বলেন, “এলিভেটিং ব্ল্যাক উইমেন এনট্রাপ্রিনির্য়াস উদ্যোগটি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ উদ্যোক্তা মহিলাদের জন্য জাতিগত ও আর্থিক সমতা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। দলগত পদ্ধতি অর্থাৎ গ্রুপ গঠনের মাধ্যমে ঋণদানের যে অনন্য মডেল ও অবকাঠামো আমরা গত ১৩ বছরে গড়ে তুলেছি তা ব্যবহার করে এই কর্মসূচির মাধ্যমে কৃষ্ণাঙ্গ নারী ব্যবসায়ীদের কাঠামোগত অসমতার সমস্যাটি কার্যকরভাবে মোকাবেলা করা যাবে বলে আমরা আশা করছি, যা একই সাথে দেশজুড়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে একটি মৌলিক পরিবর্তনের সূচনা করবে।”

গ্রামীণ আমেরিকার এলিভেটিং ব্ল্যাক উইমেন এনট্রাপ্রিনির্য়াস বিভাগটি পরিচালনা করবেন এর বিভাগীয় প্রেসিডেন্ট অ্যালেথিয়া মেন্ডেজ। মিস মেন্ডেজ ২০০৮ সালে গ্রামীণ আমেরিকায় যোগদান করেন। তিনি গ্রামীণ আমেরিকার জ্যাকসন হাইট্স শাখার প্রথম কেন্দ্র ব্যবস্থাপক এবং সংস্থাটির জন্মলগ্ন থেকে এর সাথে কাজ করে আসছেন। তিনি গ্রামীণ আমেরিকার সিনিয়র লীডারশীপ টিমের সদস্য এবং সংস্থাটির বিভিন্ন নেতৃস্থানীয় নির্বাহী পদে কাজ করেছেন।

মিস মেন্ডেজ বলেন, Òমার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থায় অন্য উদ্যোক্তারা যে সুযোগ পেয়ে থাকেন তা থেকে কৃষ্ণাঙ্গ নারীদের দুরে রাখার জাতিগত অসমতামূলক যে ব্যবস্থা, এলিভেটিং ব্ল্যাক উইমেন এনট্রাপ্রিনির্য়াস তার একটি সমাধান। আমাদের টিমের কাজ হচ্ছে দেশ জুড়ে কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রবৃদ্ধি ঘটাতে ও তাঁদের কমিউনিটিকে উদ্দীপ্ত করতে তাঁদের ব্যবসায়িক প্রতিভা ও মনোবলকে সহায়তা দিয়ে যাওয়া।”

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ আমেরিকার কো-চেয়ার এবং নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, Òএই কর্মসূচি জরুরী ভিত্তিতে শুরু করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে আমাদের আর বিলম্ব করার সুযোগ নেই।” তিনি আরো বলেন, Òআমি নিশ্চিত যে, কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য একটি সফল ক্ষুদ্রঋণ কর্মসূচি তৈরী করে আমরা তাদেরকে দারিদ্রের বেড়াজাল থেকে মুক্ত হবার সেরকম সুযোগ সৃষ্টি করে দিতে পারবো যা পৃথিবীর সর্বত্র গ্রামীণ ঋণগ্রহীতাদের বেলায় আমরা করেছি।”

 

Share if you like

Filter By Topic