Loading...

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে ছাড়াই ভালো করবে বাংলাদেশ, হাবিবুল বাশারের আশা

| Updated: March 12, 2022 17:10:13


জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার

তিন গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকাল ১১টার দিকে উড়ানে চেপেছে প্রথম দল। শুক্রবার রাত ১১টায় যাবে সবচেয়ে বড় গ্রুপটি। আর শনিবার সকাল পৌনে ১১টায় রওনা হবে শেষ দল।

দক্ষিণ আফ্রিকার পথে রওনা হওয়ার আগে জাতীয় দলের এই নির্বাচক হাবিবুল বাশার বলে গেছেন, সাকিব আল হাসান না থাকলেও দক্ষিণ আফ্রিকায় জয় খরা কাটাতে পারবে বাংলাদেশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের সেরা পারফরমারদের একজন। বিশ্ব ক্রিকেটে তার পাফরম্যান্স আমরা দেখেছি। তবে এখন আর এটা নিয়ে ভাবছি না। আমাদের যে দলটা আছে, ওদের নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।”

“সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যে খেলবেন, সে-ই এখন সেরা খেলোয়াড়। তাকে নিয়েই চেষ্টা করতে হবে। এর আগেও সেরা খেলোয়াড়দের ছাড়া আমাদের খেলতে হয়েছে এবং পারফর্মও করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন, তারা ভালো করতে পারবে।”

সেই ভালো করা মানে ম্যাচ জয়। যদিও দক্ষিণ আফ্রিকায় ৬ টেস্ট ও ১৪ ওয়ানডে খেলে জয় ব্যাপারটির সঙ্গে কোনো পরিচয় নেই বাংলাদেশের। তবে ওয়ানডে দল এখন অনেক পোক্ত ও অভিজ্ঞ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এখন ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতার পথ ধরে এবার ওয়ানডেতে অন্তত খরা কাটানোর আশায় বুক বাঁধছেন হাবিবুল।

 “দক্ষিণ আফ্রিকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আমাদের ওয়ানডের ফর্ম যদি দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। ওরা এবার মূল ভেন্যুতেই খেলাগুলো দিচ্ছে, মানে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।”

 “সাম্প্রতিক সময়ে যেভাবে পারফর্ম করছি আমরা, যে ফর্মে আছে বাংলাদেশ দল, সেই ফর্ম যদি ধরে রাখতে পারি, নিজেদের সেরাটা যদি দিতে পারি, ভালো কিছুর আশা আমরা করতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি যে অন্যান্যবারের চেয়ে আমরা ভালো করব এবার।”

ওয়ানডে সিরিজের আগে অবশ্য সময় খুব বেশি পাচ্ছে না দল। ওয়ানডে দলের বেশির ভাগ ক্রিকেটার যাবেন শুক্রবার রাতের ফ্লাইটে। শনিবার পৌঁছে রোববার বিশ্রাম। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ও অনুশীলনের জন্য সময় স্রেফ চার দিন।

তবে গত কয়েক মাসের টানা খেলা ও ঠাসা সূচিতে কয়েকদিন আগে যাওয়ার বাস্তবতাও ছিল না। হাবিবুল তাই বললেন, এই কদিনে যতটা সম্ভব প্রস্তুত হতে হবে প্রোটিয়া চ্যালেঞ্জের জন্য।

 “সময় ও পরিস্থিতি বিবেচনা করলে এর চেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। একটু আগে গেলে হয়তো আরেকটু ভালো হতো। কারণ, কন্ডিশন সম্পূর্ণ আলাদা। সেখানে বেশি সময় কাটাতে পারলে, দু-একটি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারত অবশ্যই। তবে কিছু করার নেই। যেটুকু প্রস্তুতির সময় পাব, সেটুকুতেই নিজেদের প্রস্তুত করতে হবে।”

Share if you like

Filter By Topic