প্রাচীনকাল থেকেই সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে আসছে মধু। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ও ত্বককে মসৃণ করে তুলতে, বলিরেখা বা দাগ দূর করতে, সর্বোপরি ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এটি।
ত্বকে মধু ব্যবহারের ফলে ব্রণের জীবাণু ধ্বংস হয় এবং বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ রোধ হয়।
মধু সব ধরনের ত্বকের (তৈলাক্ত, শুষ্ক বা মিশ্র) জন্যই উপকারী। ত্বকের যত্নে শুধুমাত্র মধু ব্যবহারেও যেমন উপকার পাওয়া যায়, তেমনি অন্যান্য উপাদানের সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। প্রথমে দেখে নেয়া যাক ত্বকের যত্নে মধুর কিছু ভূমিকার কথাঃ
ত্বকের কালচে দাগ দূর করে।
ত্বকের দাগ ও বলিরেখা কমায়।
মধু ত্বককে পরিষ্কার করে। ত্বকের রোমকূপে আটকে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে এবং আর্দ্রতা ধরে রাখে।
ত্বকের মরা কোষগুলোকে সরিয়ে ফেলে ত্বককে মসৃণ ও লাবণ্যময় করে তোলে।
ত্বকের অতিরিক্ত তেল অপসারণ করে।
ত্বকে উপস্থিত ব্রণের জীবাণু ধ্বংস করে ত্বককে সুস্থ রাখে।
ত্বকের যে কোন ধরনের ক্ষত সারিয়ে তুলতে মধুর তুলনা হয় না।
ত্বকের যত্নে মধু ব্যবহার করার কিছু পদ্ধতিঃ
১. মধুর সাথে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকে জ্বালাপোড়া-ভাব দূর হয়ে যাবে এবং তা আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করবে।
২. সামান্য হলুদ বাটা, সাথে কয়েক ফোঁটা গোলাপজল আর এক টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন এবং এর ভালো করে ধুয়ে ফেলুন। এটি ত্বককে সতেজ করে।
৩. দুই টেবিল চামচ মধুর সাথে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার পুরো ত্বকে আলতো করে মেখে নিন ও হালকাভাবে ম্যাসাজ করতে থাকুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার ত্বক গভীর থেকে পরিষ্কার হবে ও কোমল হয়ে উঠবে।
৪. মুখ হালকা কুসুম পানি দিয়ে ধুয়ে নিন এবং মধুর হালকা প্রলেপ লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন, ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে।
৫. এক চা চামচ চন্দন পাউডার সাথে আধা চা চামচ কফির গুঁড়ো এবং খুব ঘন নয় এমন একটি মিশ্রণ তৈরির জন্য প্রয়োজনীয় মধু মিশিয়ে প্যাক বানাতে হবে। ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর প্রলেপ লাগাতে হবে এবং ৩০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের কালচে ভাব কমে যাবে।
৬. এক টেবিল চামচ টকদই আর এক টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট অপেক্ষা করার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অবাঞ্ছিত ব্রণ ধীরে ধীরে কমে যাবে।
শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।