তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এখন থেকে সপ্তাহে দুদিন


এফই ডেস্ক | Published: September 30, 2021 13:12:12 | Updated: September 30, 2021 17:02:13


রয়টার্স ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়িয়ে দুদিন করে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে নতুন এই রুটিন অনুযায়ী ২ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

করোনাভাইরাস মহামারীকালে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিলেন সপ্তাহে এক দিন।

সংক্রমণ পরিস্থিতির উন্নতি ঘটলে ক্লাসের সংখ্যা বাড়ানো কথা বলে আসছিলেন শিক্ষা সংশ্লিষ্টরা।

নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে এক দিন এবং পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহে ছয়দিনই চলবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর‌্যন্ত এবং দুপুর সাড়ে ১২টা থেকে ১২ টা ৫৫ মিনিট পর‌্যন্ত শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে ঢুকবে।

প্রতিটি ক্লাসের শুরুতে ১০ মিনিট শিক্ষার্থীদের কোভিড-১৯ সচেতনতার বিষয়ে জানানো হবে। এরপর শুরু হবে পাঠদান।

নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস যথাক্রমে সোম ও মঙ্গলবার নেওয়া হবে।

Share if you like