তালেবানের থাকা নিয়ে মতানৈক্যে ‘ভেস্তে গেল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক’


এফই ডেস্ক | Published: September 22, 2021 13:45:21 | Updated: September 24, 2021 16:36:12


তালেবানের থাকা নিয়ে মতানৈক্যে ‘ভেস্তে গেল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক’

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে শনিবার নিউ ইয়র্কে বৈঠকটি হওয়ার কথা ছিল।

এ বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক- পাকিস্তান এমনটা চেয়েছিল। ভারত ও জোটের আরও কয়েকটি সদস্য দেশ তাতে আপত্তি জানায়।

বিষয়টি নিয়ে বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠকই বাতিল করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এবারের বৈঠকের আয়োজক ছিল নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রীপর্যায়ের এ বৈঠক হয়। খবরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তালেবান এখনও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পায়নি; গতমাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া কট্টরপন্থি এই গোষ্ঠীটির অন্তর্বর্তী মন্ত্রিসভার অনেক সদস্যই জাতিসংঘের কালো তালিকায় আছেন।

আমির খান মুত্তাকি তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ এবং এর আওতাধীন সংস্থার বৈঠকগুলোতে তার উপস্থিত হওয়ার সম্ভাবনাও কম।

গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে বলেন, তালেবান সরকারে তারা ছাড়া আর কেউ নেই, নেই নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও। এ কারণে কাবুলের এখনকার সরকারকে স্বীকৃতি দেওয়ার ‍আগে সব দেশেরই ভালো করে চিন্তাভাবনা করা উচিত।

ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ছাড়াও বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সার্কের সদস্য।

এদের মধ্যে বেশিরভাগ দেশই এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের চেয়ার খালি থাকুক এমনটা চেয়েছিল। পাকিস্তান এ প্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়।

সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্যের কারণে বৈঠক বাতিল করা হয়েছে, এএনআইকে এমনটাই বলেছে সার্ক সচিবালয়।

Share if you like