Loading...

তালেবানকে স্বীকৃতি না দিতে সরকারকে নির্মূল কমিটির আহ্বান

| Updated: August 18, 2021 13:00:13


তালেবানকে স্বীকৃতি না দিতে সরকারকে নির্মূল কমিটির আহ্বান

আফগানিস্তানে ক্ষমতা দখল করা গোঁড়া ইসলামী দল তালেবানকে স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

তালেবান আফগানদের সমর্থনে সরকার গড়লে তাদের সঙ্গে সম্পর্কে আপত্তি নেই বলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বক্তব্য আসার পরদিনই এই আহ্বান এল।

মঙ্গলবার একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্র, জেলা, উপজেলা ও বৈদেশিক শাখাগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ এক সভায় এ আহ্বান জানানো হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু জঙ্গি, মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি ঘোষণা করেছেন, সেহেতু আমরা আফগানিস্তানে মৌলবাদী সন্ত্রাসী তালেবানের অবৈধ ক্ষমতা দখলকে স্বীকৃতি প্রদান না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে তালেবানের নিপীড়নের শিকার বিপন্ন আফগান বিশেষভাবে নারী এবং উদারনৈতিক বুদ্ধিজীবী, সমাজকর্মী, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীদের প্রতি সহমর্মিতাও জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতায় ছিল। তখন তারা দেশটিতে শরিয়া আইন জারি করে নারীদের ঘরে বন্দি করে রেখেছিল।

২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান ২০ বছর পর গত রোববার পুনরায় কাবুলের দখল নিয়েছে। তারা আগের মতো আফগানিস্তানে ‘ইসলামী আমিরশাহি’ প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছে।

তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের পর সোমবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আফগানরা যে সরকার গড়বে, তা বাংলাদেশও মেনে নেবে।

নির্মূল কমিটি বলছে, “আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের নতুনভাবে উৎসাহিত করেছে।”

প্রতিনিধি সভায় আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল এবং এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অনেকের উল্লাসে উদ্বেগও প্রকাশ করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic