তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারীদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার ঠিকানা www.gwopportunities.org।
এই ওয়েবসাইটে দেশি-বিদেশি চাকরি, স্কলারশীপ, ফেলোশীপ, ইন্টার্নশীপ, অ্যাওয়ার্ডস ও গ্রান্টের তথ্য পাওয়া যায়।
কম্পিউটার সায়েন্স, কারিগরি-ভোকেশনালসহ তথ্য-প্রযুক্তি খাতের বিভিন্ন দিক নিয়ে যেসব নারীশিক্ষার্থীরা পড়াশোনা করেন তাদের সুবিধার্থে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এমনকি অন্য বিষয়ে পড়েও যারা তথ্য-প্রযুক্তি নিয়ে আগ্রহী তারাও উপকৃত হতে পারেন এই প্লাটফর্মের মাধ্যমে।
তথ্য-প্রযুক্তি বিষয়ক চাকরি ও ব্যবসার সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞদের বিভিন্ন অভিজ্ঞতা জানতে এখানে বিভিন্ন ওয়েবিনারের আয়োজন করা হয়। সেসব অনুষ্ঠানের রেকর্ডিং দেখেও ক্যারিয়ার গঠন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা পাওয়া যেতে পারে।
সঠিকভাবে জীবনবৃত্তান্ত (সিভি/রেজুমি) তৈরি করা একজন চাকরিপ্রার্থীর জন্য খুবই জরুরি। এ বিষয়ে বিস্তারিত তথ্যসমৃদ্ধ প্রবন্ধ আছে এই প্লাটফর্মে। উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহীদের জন্য এই প্লাটফর্মে পাওয়া যাবে বিভিন্ন দেশে অবস্থানরত শিক্ষার্থীদের অভিজ্ঞতাসমৃদ্ধ ভিডিও।
উদ্যোক্তারা জানিয়েছেন, চাকরি বা যে কোনো সুযোগের বিষয়ে নারীদের পিছিয়ে থাকার কথা বিবেচনা করে তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ এ প্লাটফর্ম তৈরী করা হয়েছে।