ঢাকায় রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু 


এফই অনলাইন ডেস্ক   | Published: May 03, 2022 17:48:40 | Updated: May 03, 2022 23:31:14


ঢাকায় রোলার কোস্টার থেকে পড়ে শিশুর মৃত্যু 

ঈদের দিন বেড়াতে গিয়ে রাজধানীর শ্যামপুর ইকোপার্কে রোলার কোস্টার থেকে নিচে পড়ে এক শিশু মারা গেছে।

নিহত রাব্বি (১২) এর বাসা গেন্ডারিয়া এলাকায়। তার বাবার নাম ঝুনু মিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, দুপুর আড়াইটার দিকে পথচারী ও নিহতের মামা সাইফ দশ বছর বয়সী রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফ পুলিশকে জানায় রাব্বি ও কয়েকজন সমবয়সী বন্ধু মিলে ইকো পার্কে যায়। সেখানে দুপুর দেড়টার দিকে রোলার কোস্টার থেকে রাব্বি পড়ে যায়।

শ্যামপুর ইকোপার্ক তত্ত্বাবধনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থার উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, রোলার কোস্টার প্লেনের মত এবং চালু করার আগে যারা এতে ওঠে তাদের বেল্ট দিয়ে আটকে রাখা হয়। কিন্তু ওই শিশু রোলার কোস্টার চলার সময় বেল্ট খুলে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছিল।

ওই কোস্টারের কোনো কিছু ছিঁড়ে যায়নি বা যান্ত্রিক ক্রুটি ছিল না বলে দাবি করেন তিনি।

এএসআই আব্দুল খান বলেন, নিহতের শরীরে বাইরে থেকে কোনো জখম দেখা যায়নি।রাব্বি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত।

Share if you like