Loading...

ঢাকায় ছুরিকাঘাতে প্রাণ গেল ফেরিওয়ালার

| Updated: February 20, 2022 14:34:06


ঢাকায় ছুরিকাঘাতে প্রাণ গেল ফেরিওয়ালার

ঢাকার সায়েদাবাদ এলাকায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত মোশারফ হোসেন মোশারফের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুরে। তিনি ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় থেকে ফেরি করে আদা, হলুদ, মরিচ বিক্রি করতেন।

পরিদর্শক বাচ্চু বলেন, “নিহতের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”

“রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক ভোর সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন,” বলেন তিনি।

হাসপাতালে আসা এক স্বজনের বরাতে বাচ্চু জানান, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ফজরের আযানের আগে কাজের উদ্দেশে্য বাসা থেকে বের হয়ে হন। এর কিছুক্ষণ পর কয়েকজন রিকশাচালক তাকে রক্তাক্ত অবস্থায় ঘুণ্টিঘরের বাসায় নিয়ে যান।

উদ্ধারকারীদের ভাষ্য, মোশারফকে সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে কে বা কারা ছুরিকাঘাত করে।  তখন মোশারফের মাধ্যমেই তার বাসার ঠিকানা পেয়ে তাকে বাসায় নিয়ে যান রিকশাচালকরা।

পরে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

Share if you like

Filter By Topic