ঢাকায় চারটি ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ করার নতুন উদ্যোগ


এফই অনলাইন ডেস্ক | Published: October 07, 2021 10:09:36


ফিলিপিন্সের একটি হাসপাতালে হিউম্যান মিল্ক ব্যাংক। ছবি: ইউনিসেফের সৌজন্যে

এতিম-বিপন্ন শিশুদের জন্য ঢাকায় চারটি হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপনের জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি চেয়ে গত ৩১ অগাস্ট আবেদন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল-এফএইচআই ৩৬০।

জন্মের সময় মা হারায় অনেক নবজাতক। মা থাকলেও অসুস্থতার কারণে অনেকে বুকের দুধ পায় না, আবার পেলেও নবজাতকের পুষ্টির জন্য তা পর্যাপ্ত নয়।

এমন শিশুদেরকে মায়ের দুধ যোগাবে হিউম্যান মিল্ক ব্যাংক। এসব মিল্ক ব্যাংকে দুধ দান করবেন মায়েরা। মা-হারা বা মায়ের বুকের দুধ পাচ্ছে না এমন নবজাতকদের এই ব্যাংক থেকে দুধ দেওয়া হবে। বাচ্চা মারা গেছে এমন মায়েরাও চাইলে ব্যাংকে দুগ্ধ দান করতে পারবেন।

স্ট্রেনদেনিং মাল্টিসেক্টরাল নিউট্রেশন প্রজেক্ট এর আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক ইউনিট, ঢাকা শিশু হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) এই মিল্ক ব্যাংক করতে চায় এফএইচআই৩৬০। এরই মধ্যে হাসপাতালগুলোর সঙ্গে তারা প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছে।

মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট দুই বছর আগে একবার মিল্ক ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়ে আবেদন করেছিল। কিন্তু ধর্মীয় বিতর্কে তা আটকে যায়।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এফএইচআই৩৬০ যে আবেদন করেছে, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে এমএনঅ্যান্ডসিএইচের লাইন ডিরেক্টর এবং এনএনএসের লাইন ডিরেক্টরের কাছে পাঠানো হয়েছে।

দেশে এ্ ধরনের উদ্যোগ নেওয়া যে প্রয়োজন, সে কথা তুলে ধরে খুরশীদ আলম বলেন, এতে ধর্মীয় বিষয় জড়িত থাকায় সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

বিষয়টি নিয়ে এর আগেও একবার চেষ্টা করা হয়েছিল। তখন ধর্মীয় দিক থেকে বিরোধিতা করা হয়েছিল। এজন্য একটা ওপেন ডিসকাশন দরকার। ইসলামিক ফাউন্ডেশন আছে, ধর্মীয় নেতারা আছেন, সব স্টেকহোল্ডারদের যুক্ত করে এগোতে হবে।

মিল্ক ব্যাংক স্থাপনের এই নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নবজাতক এবং শিশু স্বাস্থ্যের জন্য অপরিহার্য বিষয়গুলোর মধ্যে একটি হলো মায়ের বুকের দুধ। শরীরে পুষ্টি যোগানোর পাশাপাশি বুকের দুধ টিকা হিসেবে কাজ করে, সংক্রমণ প্রতিরোধে কাজ করে।

Share if you like