Loading...

ঢাকার সাত কলেজের পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে, সশরীরে

| Updated: August 19, 2021 11:52:40


ঢাকার সাত কলেজের পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে, সশরীরে

করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের পরীক্ষা ১ সেপ্টেম্বর সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

 বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনার্স ২য় বর্ষ ও ডিগ্রির কিছু পরীক্ষা করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে স্বাস্হ্যবিধি মেনে সশরীরে এসব পরীক্ষা নেওয়া হবে।

“এছাড়া বিভিন্ন বর্ষের ফরম ফিলাপ হয়েছে এমন পরীক্ষাসমূহের রুটিনও দুয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। যত দ্রুত সম্ভব সকল পরীক্ষা শেষ করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পূর্বে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী  ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টায় এসব পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি।

তিন বিষয়ে অকৃতকার্য পরবর্তী বর্ষে ‘প্রমোশন’

সাত কলেজের স্নাতক ১ম ও ২য় বর্ষে যারা তিন বিষয়ে অকৃতকার্য হয়ে একই বর্ষে আটকে আছে, তাদেরকে শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সেলিম উল্লাহ।

তিনি বলেন,“যেসব শিক্ষার্থী প্রথম বর্ষে তিন বিষয়ে ফের করেছে, তাদেরকে আমরা দ্বিতীয় বর্ষে প্রমোশন দেব। তবে দ্বিতীয় বর্ষে নিয়মিত পরীক্ষার পাশাপাশি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সঙ্গে তিন বিষয়ে তাকে পরীক্ষা দিতে হবে। সেখানে পাস করলে তৃতীয় বর্ষের প্রমোশন দেওয়া হবে । তেমনিভাবে ২য় বর্ষের শিক্ষার্থীদেরও প্রমোশন দেওয়া হবে।”

এছাড়া সাত কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে রোববার শিক্ষার্থীদের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে বলে জানান অধ্যাপক আইকে সেলিম উল্লাহ।

 

Share if you like

Filter By Topic