ঢাকার গুলশানে ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন যুবক


FE Team | Published: June 19, 2022 18:26:35 | Updated: June 20, 2022 13:19:38


প্রতীকী ছবি

ঢাকার গুলশানের নিকেতন আবাসিক এলাকায় ঘরে অগ্নিদগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহতের নাম মাসরুর আহমেদ (২৩)। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স শেষ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আগুনের খবর পেয়ে রোববার সকাল ৭টার দিকে নিকেতনের ওই ফ্ল্যাটের দরজা ভেঙে মাসরুরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায় ফায়ার সার্ভিস। তবে তাকে বাঁচানো যায়নি।

ফ্ল্যাটে তখন একাই ছিলেন মাসরুর। ফ্ল্যাটটির ভাড়াটিয়া তার বড় বোন বলে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসার সবাই গ্রামের বাড়িতে যাওয়ায় মাসরুর একাই ছিল।

ছয়তলা ওই বাড়ির ষষ্ঠ তলা থেকে ধোঁয়া এবং পোড়ার গন্ধ পেয়ে বাড়িওয়ালা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

দরজা ভেঙে ঢুকে মাসরুরকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ঘরটি থেকে মাসরুরকে উদ্ধার করা হয়, শুধু সেই ঘরের এসিসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘরে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Share if you like