ঢাকা থেকে বরিশাল আসার পথে এমভি সুন্দরবন-১১ নামে একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে লঞ্চটি আটকা পড়ে বলে এর মাস্টার আলম সর্দার জানান।
তিনি বলেন, চার থেকে পাঁচশ যাত্রী নিয়ে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা হয় লঞ্চটি। পথে স্টিয়ারিংয়ে ত্রুটি দেখা দেয়। এতে লঞ্চ নিয়ন্ত্রণে নিতে চরের দিকে যান মাস্টার। তখন লঞ্চটি চরে আটকে যায়।
পরে লঞ্চের যাত্রীদের বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চে উঠিয়ে দেওয়া হয়।
তার আগে চরে আটকে থাকা লঞ্চটি টেনে সরানোর চেষ্টা করে সুরভী-৭। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মো. ওমর ফারুক নামে সুরভী ৭-এর একজন যাত্রী বলেন, সুন্দরবন ১১-কে টেনে সরাতে না পেরে এর যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেওয়া হয়। রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে যাত্রী নিয়ে সুরভী-৭ বরিশালের উদ্দেশে রওনা হয়।
সুন্দরবন-১১ লঞ্চের যাত্রীরা সুরভী-৭ লঞ্চে করে সকাল সাড়ে ৫টার দিকে বরিশাল নৌবন্দরে নিরাপদে পৌঁছেছেন, জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।
কবির বলেন, সুন্দরবন-১১ লঞ্চ এখনও ডুবোচরে আটকে রয়েছে। জোয়ার এলে নামানো হবে। নামানোর পর লঞ্চটি ঢাকা না বরিশালে যাবে সে বিষয়ে সিদ্বান্ত নেবে লঞ্চ কর্তৃপক্ষ।
