ঢাকা-কাঠমুন্ডু রুটে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান


FE Team | Published: February 19, 2021 15:49:04 | Updated: February 20, 2021 17:30:43


ঢাকা-কাঠমুন্ডু রুটে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান

করোনাভাইরাস মহামারীর কারণে বছরখানেক বন্ধ থাকার পর ঢাকা-কাঠমুন্ডু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন এখন থেকে প্রতি সোমবার ও বৃহস্পকিবার ঢাকা থেকে নেপালের কাঠমুন্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ বিরতির পর আজকে (বৃহস্পতিবার) দুপুরে বিমানের বিজি ০৭১ ফ্লাইটটি ঢাকা থেকে ১০৬ জন যাত্রী নিয়ে কাঠমুন্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়।

তাহেরা খন্দকার জানিয়েছেন বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

কোভিড-১৯ মহামারীর মধ্যে মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর জুন থেকে ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হলে বিমানও ফ্লাইট পরিচালনা শুরু করে।

নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকলেও বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার পাশপাশি ওই সময়ে বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান।

Share if you like