ডেঙ্গু এবার আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে জানিয়ে বাসাবাড়ি বা স্থাপনায় এ রোগের জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার উত্তরায় এইডিস ও ডেঙ্গুবিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন প্রয়োজনীয় সবকিছু করবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
মেয়র বলেন, “গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ঙ্কর হতে পারে বলে জেনেছি। আমার কথা হল, আমরা সাধ্য মতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলদের নিয়ে, সিটি করপোরেশনের সবাইকে নিয়ে তা করব।”
ডিএনসিসির উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।”
সতর্ক করে আতিকুল বলেন, “এইডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। গতবার আমরা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছি। এবারও সেটি হবে, জেলও হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।”
এইডিস মশা নিয়ন্ত্রণে ১৭ থেকে ২৬ মে পর্যন্ত ডিএনসিসির সব ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালিত হবে। এই অভিযান শেষে মেয়র আবার অভিযান শুরু করবেন।
ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, “তখন যদি কেউ অনুরোধ করেন জরিমানা না করার জন্য, তা শোনা হবে না। এ শহরের নিরাপত্তার জন্য আমাকে কঠোর হতেই হবে।”
অভিযান চলার সময় ১০ দিন মশক বিভাগের সব ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
উত্তরায় ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক কর্মসূচির সময় দুটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এইডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের সতর্ক করেন আতিকুল ইসলাম।
ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন মেয়র।
