ডাল, তেলের দাম বাড়িয়ে ফের পণ্য বিক্রিতে টিসিবি


এফই অনলাইন ডেস্ক | Published: November 02, 2021 20:29:44 | Updated: November 03, 2021 17:09:36


ফাইল ছবি

দুই দিন বন্ধ রেখে মশুর ডাল ও সয়াবিন তেলের দাম বাড়িয়ে আবার ট্রাকে করে ন্যায্য মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রিতে নামছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবি।

বুধবার থেকে একমাস ঢাকাসহ সারা দেশে সাড়ে চারশ ট্রাকে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সপ্তাহিক ছুটির দিন ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই বিপণন চলবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মশুর ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা ও সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকায় বিক্রি হবে।

এছাড়া আগের দাম বহাল রেখে চিনি ৫৫ টাকা কেজি ও পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হবে।

একজন ভোক্তা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি বা ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

দাম বাড়ানোর বিষয়ে টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিসিবির পণ্যমূল্যের তুলনায় বাজারে নিত্যপণ্যের দাম অনেক বেশি। অনেক সময় শোনা যাচ্ছে, কিছু লোকজন টিসিবির ট্রাক থেকে পণ্য কিনে আবার বাজারে বিক্রি করে দিচ্ছে।

এই অনিয়ম ঠেকাতে দাম কিছুটা বাড়ানো হয়েছে। কারণ, বাজারের সঙ্গে দামের এতটা হেরফের হলে এমনটি হয়।

কয়েকমাস ধরে বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি রয়েছে। সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬০ টাকায়, মশুর ডাল প্রতিকেজি ৯০ টাকা থেকে দেড়শ টাকায়, চিনি প্রতিকেজি ৮০ টাকা থেকে ৮৩ টাকায়।

এসব পণ্য ছাড়াও মাছ, মাংস, সবজি, চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে বলে গণমাধ্যমগুলোর খবর।

Share if you like