সৌদি আরবের রিয়াদের পাঠানোর জন্য ডাক বিভাগের গাড়িতে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা একটি কাপড়ের কার্টনে ইয়াবা পেয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বুধবার বিমানবন্দরের হ্যাঙ্গার থেকে ইয়াবার চালানটি আটক করা হয় বলে অ্যাভিয়েশন সিকিউরিটির অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ৭টার দিকে পোস্ট অফিসের গাড়িতে করে দেশের বাইরে পাঠানোর উদ্দেশ্য কিছু মালামাল আসে। এসব মালামাল হ্যাঙ্গার গেটে স্ক্যান করার সময় একটি কার্টনে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে।
“কার্টনটি খুলে কিছু কাপড় পাওয়া যায়, তার ভেতরে কৌশলে ইয়াবা রাখা ছিল। আমরা দুই হাজার ৩৫৫টি ইয়াবা পেয়েছি।”
শাহরিয়ার বলেন, রিয়াদে একজনকে পাঠাতে কার্টনটি গাজীপুর পোস্ট অফিস থেকে কেন্দ্রীয় ডাকঘর হয়ে বিমানবন্দরে আসে।
পরে চালানটি নিয়ে আসা ডাকঘরের গাড়িচালকসহ ৪ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হয় বলে তিনি জানান।
