ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ৩


FE Team | Published: July 15, 2021 16:38:01 | Updated: July 16, 2021 11:01:50


ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ৩

ঠাকুরগাঁও সদরে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে আউলিয়াপুর ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মজিবর রহমান (৪৫), আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ির চঞ্চল (৩৫) ও সুরজ আলীর ছেলে গোলাম মোস্তাফা (৪৫)।

আহতরা হলেন কচুবাড়ির মোটাই মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪০) ও সদরের সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামের সফির উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩৩)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, দুপুরে ঠাকুরগাঁও শহর থেকে একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। পথে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পূর্বদিকের সড়ক থেকে একটি মোটরসাইকেল পঞ্চগড় মহাসড়কে উঠছিল। অপরদিকে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকের সড়ক থেকে একটি ট্রাক পঞ্চগড় মহাসড়কে উঠছিল। এসময় ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি ওই মোটরসাইকেলটিকে বাঁচাতে গেলে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিতিএকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার আরোহী মজিবর রহমান ও চঞ্চল মারা যান।

স্থানীয়রা আহত অটোরিকশার আরোহী জহিরুল ইসলাম, রবিউল ইসলাম ও গোলাম মোস্তফাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে গোলাম মোস্তফা মারা যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, আহত তিন জনের মধ্যে একজন মারা গেছে। বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক; তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে।

দুর্ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি তানভিরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে দুইটি ট্রাককে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালকরা পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Share if you like