জাহাজ থেকে পণ্য ওঠা-নামা চললেও ট্রাক-কভার্ড ভ্যান ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে সেই পণ্য বের হচ্ছে না।
১৫ দফা দাবিতে চট্টগ্রামসহ সারাদেশে ট্রাক-কভার্ড ভ্যান ও প্রাইম মুভার শ্রমিক-চালকরা মঙ্গলবার ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু করলে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বন্দরে চালক-শ্রমিকদের হয়রানি বন্ধ, ট্রাক-কভার্ড ভ্যান-প্রাইম মুভারের (ট্রেইলর) আয়কর বৃদ্ধি স্থগিতসহ বিভিন্ন দাবিতে ট্রাক-কভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মসূচি ডেকেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ধর্মঘটের কারণে সকাল থেকে বন্দরের ভেতরে পণ্যবাহী যানবাহন ঢুকতে পারেনি। এতে বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজ থেকে পণ্যবাহী কন্টেইনার খালাস করা হলেও সেগুলো বন্দরেই থেকে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, পরিবহন ধর্মঘটের কারণে ট্রেইলর প্রবেশ করতে না পারায় কিছু সমস্যা তো হচ্ছে। ট্রেইলার, কভার্ডভ্যান প্রবেশ না করায় কন্টেইনার, কন্টেইনার ভর্তি পণ্য ও কার্গো পণ্য ডেলিভারি হচ্ছে না।
আন্দোলনকারী ঐক্য পরিষদের নেতা ও প্রাইম মুভার্স-ট্রেইলার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই ট্রাক, কভার্ডভ্যান ও প্রাইম মুভারর্স ট্রেইলরগুলো চলাচল করছে না। কোনো গাড়ি বন্দরের ভেতরে ঢোকেনি।
পণ্যবাহী পরিবহন বন্দরে ঢুকতে না পারায় ভেতর থেকে কোনো পণ্য নিতে পারেননি আমদানিকারকরা।
তবে বন্দরের জেটিতে থাকা জাহাজগুলোতে পণ্য ওঠানামার কাজ চলছে বলে জানান ওমর ফারুক।
এতে বন্দরে পণ্যজট সৃষ্টি হচ্ছে কি না- প্রশ্নে তিনি বলেন, ধর্মঘট মাত্র শুরু হওয়ায় এখনই কন্টেইনার বা পণ্যজট হওয়ার সম্ভাবনা কম। এছাড়া সিমেন্ট ক্লিংকারসহ অন্যান্য পণ্য অনেক প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ অব্যাহত আছে।