Loading...

টোকিওতে ট্রেনে ছুরি হামলায় আহত ১০

| Updated: August 07, 2021 18:58:17


টোকিওতে ট্রেনে ছুরি হামলায় আহত ১০

জাপানের রাজধানী টোকিওতে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরি হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে সেইজুগাকুয়েন স্টেশনের কাছে এ হামলা ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৬ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই হামলাকারী ‘সুখী মনে হওয়া’ নারীদের দেখে ক্রুদ্ধ হন এবং তাদের খুন করতে চান বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।

হামলায় আহত এক নারী শিক্ষার্থীর অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানানো হয়েছে, বাকিদের আঘাত অতটা গুরুতর নয়।

জাপানে সহিংসতার ঘটনা বিরল। অলিম্পিক উপলক্ষে দেশটির রাজধানী টোকিওতে এখন কড়াকড়িও প্রবল।

ট্রেনে থাকা এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম এনএইচকে জানান, ঘটনার সময় তিনি মানুষজনকে দৌড়ে এক বগি থেকে অন্য বগিতে ছুটে যেতে দেখেছেন।

বগির ভেতর থেকে শব্দ পেয়ে চালক ট্রেন থামালে সন্দেহভাজন হামলাকারী লাফিয়ে রেললাইনে নামেন ও পালিয়ে যান। ট্রেনের ক্রুরা পরে যাত্রীদের কাছের স্টেশনে নিয়ে যায়।

সন্দেহভাজন হামলাকারী পরে একটি মুদির দোকানে গিয়ে সেখানকার কর্মীদের ‘গণমাধ্যমে ছুরি হামলার যে খবর বলা হচ্ছে, আমিই ওই ঘটনার সন্দেহভাজন’ এবং পালাতে পালাতে তিনি ক্লান্ত বলে জানান।

টোকিও মেট্রোপলিটন পুলিশ শনিবার জানায়, তারা বয়স ৩০ এর ঘরে থাকা এক ব্যক্তিকে ধরেছে। তবে তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি; এ সম্বন্ধে আর বিস্তারিত কিছু বলেওনি তারা।

ছুরি হামলার ঘটনায় আহত ১০ জনের ৯ জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়; একজন ঘটনাস্থল থেকেই বাড়ি ফিরে যান।

বিশ্বের অনেক দেশের তুলনায় নিরাপদ হিসেবে বিবেচিত হলেও জাপানে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ছুরি হামলার ঘটনা দেখা গেছে।

২০১৯ সালে কাওয়াসাকিতে বাসের জন্য অপেক্ষারত একদল স্কুলশিক্ষার্থীর ওপর এক ব্যক্তি ছুরি নিয়ে হামলে পড়েছিলেন। ওই ঘটনায় ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছিল।

 

Share if you like

Filter By Topic